বাইরে অঝোর ধারা ঝুম বরিষন
কাঁটাঝোপে মুখ থুবড়ে পড়ে আছে সকালের রোদ
ঘনমেঘ গিলেছে সময় সূর্যালোক, গিলেছে প্রকৃত বিবরণ।
জানালার কাচে দূরে মগ্ন-ছায়াপথ
যে-পথে এখনও ওড়ে প্রাগৈতিহাসিক রাজহাঁস ঝাঁকে ঝাঁক;
প্রবল বর্ষনে তার শুভ্র পাখা থেকে
ঝরে পড়ে অপসৃত স্মৃতির পালক আমাদের চেনা আঙিনায়?
তুমি কি এখনও হাঁটো ছায়াঘন পল্লবের নিমগ্ন আড়ালে
একা একা ঝুম বরিষনে?
ধারাজল মুছে দেয় পায়ের নিভৃত কারুকাজ
শোনো কান পেতে দূর মেঘের মল্লার
—বৃষ্টি হবে আরও;
এ বৃষ্টি মাথায় নিয়ে কী করে এগোবে দূর পথ?
অঝোর বৃষ্টির ধারা লেখে ছায়ালিপি ধারাক্রম বিস্তীর্ণ ক্যানভাসে?