ঢাকা সফরকালে ‘ত্রিবেদী-সার্জিও গোরের’ এমন বৈঠক কাম্য নয়

অনলাইন ডেস্ক: বাংলাদেশে এসে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কোনোভাবে কাম্য নয়।

শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা তো (সার্জিও গর ও দীনেশ ত্রিবেদী) ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন। তিনি তো (সার্জিও গোর) ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের (দীনেশ ত্রিবেদী) সঙ্গে কথা বলা, এটা যদি সৌজন্য মোলাকাত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা (বাংলাদেশ) সরকারের সঙ্গেই হওয়া উচিত, বিরোধী দলের সঙ্গে হওয়া ‍উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে এটা আমাদের কাম্য না।’

‘চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ হয়নি, আরও বেড়েছে’

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের পর তারা উদ্বিগ্ন হয়েছেন। ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি বা কৌশল অব্যাহত থাকলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও সংশয় তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।

গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি আগের অবস্থান থেকে সরে এসেছে। তার দাবি, আগে গণভোটের পক্ষে মত দিলেও পরে কেন বিএনপি অবস্থান পরিবর্তন করল, সে বিষয়ে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

—জা.অর্থনীতি/এএইচএ