স্বাস্থ্য ডেস্ক: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। এর মাধ্যমে হেপাটাইটিস নিয়ে ভুল ধারণা দূর করা, ভয় ও সামাজিক প্রতিবন্ধকতা কমিয়ে প্রতিরোধ ও চিকিৎসা সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসাবে, প্রতি বছর দেশে এ রোগে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে, তাদের শরীরে এই ভাইরাস আছে।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা, প্রযুক্তিনির্ভর চিকিৎসা এবং লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সময়মতো টিকাদান, পরীক্ষা, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।
প্রসঙ্গত, ২০০৮ সালে বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স প্রথমবারের মতো বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয়। পরে ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর ২৮ জুলাই বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
—জা. অর্থনীতি/এনজে