‘বিবেকের তাড়না শুরু হলে তবেই তারকারা কথা বলবেন’
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক: ভারতের চলমান শিক্ষার্থীদের আন্দোলনে দমন-পীড়নের ব্যাপারে বলিউডের নীরবতা নিয়ে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। বিবেকের তাড়না শুরু হলে, তবেই নীরব থাকা তারকারা কথা বলবেন।

মঙ্গলবার (২১ জুলাই) দ্য ওয়্যার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বলিউডের এ অভিনেতা।

এসময় তাকে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে আলোচিত এই ইস্যুতে বলিউডের অনেক শীর্ষ তারকার নীরবতা নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে নাসিরুদ্দিন শাহ বলেন, 'তাদের বিবেক যখন বলবে, তখন তারা কথা বলবে। কথায় আছে—মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। যখন সেই হাড় মুখ থেকে পড়ে যাবে, অথবা হাড়ে তাদের দাঁত ভেঙে যাবে, তখন তারা ঘেউ ঘেউ করবে।'

তাকে আরও জিজ্ঞাসা করা হয়, তিনি কি মনে করেন মানুষ নিজেদের স্বার্থে নীরব থাকছে? জবাবে নাসিরুদ্দিন শাহ বলেন, 'অবশ্যই।' 

এরপর তিনি বলেন, 'কিন্তু তারা কত দিন এভাবে চলতে পারবে? সময়ই তার উত্তর দেবে।'

'সব কথা মনে রাখা হবে'

তিনি আরও বলেন, 'আমি তাদের প্রতি সহানুভূতিশীল। আমি আবেগাপ্লুত, একই সঙ্গে তরুণদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমার রক্ত গরম হয়ে ওঠে। এসব লোকজন আমাকে যুক্তরাষ্ট্রের মুখোশধারী এজেন্টদের কথা মনে করিয়ে দেয়। আপনারা নিজেদের সন্তানদের কথাও ভাবুন। একদিন আপনাদেরও নিজেদের কাজের ফল ভোগ করতে হবে।'

শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ আশা না হারানোর আহ্বান জানান।

তিনি বলেন, 'কখনো নিজেদের সন্তানদের কথাও ভাবুন। এটাও ভাবুন, একদিন আপনাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হতে পারে। আমি এই সব শিক্ষার্থীকে বলতে চাই, আশা হারিয়ো না। অনেক মানুষ তোমাদের প্রতি সহানুভূতিশীল। অনেক মানুষ তোমাদের পাশে আছে। লড়াই চালিয়ে যাও। আমি সব সময় দেশের তরুণদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছি। এখন তাদের প্রতি আমার আস্থা আরও বেড়েছে। সরকারকেও আমি বলতে চাই- সব কথা মনে রাখা হবে।'

গত দুই দিনে চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- রত্না পাঠক শাহ, সোনু সুদ, দিয়া মির্জা, শাবানা আজমি, স্বরা ভাস্কর, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, রিতেশ দেশমুখ, বীর দাস, জেনেলিয়া দেশমুখ, রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, বরুণ গ্রোভার, অনুরাগ কাশ্যপ, বাসান বালা, সীমা পাহওয়া, রাজকুমার রাও, সৌম্য ট্যান্ডন এবং আয়ুষ শর্মা।

—জা.অর্থনীতি/আরএস