ঋণের চাপ কমাতে জাতিসংঘের নেতৃত্বে নতুন আন্তর্জাতিক কাঠামোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান ঋণসংকট মোকাবিলায় ঋণ পুনর্গঠন, ঋণ মওকুফ, ঋণ পরিশোধ স্থগিত এবং টেকসই ঋণ সমাধানে জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

নিউইয়র্কে ইউনিসেফ হাউসে ইউনিসেফের মানবিক কার্যক্রম ও সরবরাহবিষয়ক উপ-নির্বাহী পরিচালক টেড শাইবানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন বৈশ্বিক সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং ঋণের বাড়তি চাপ বাংলাদেশের আর্থিক সক্ষমতাকে সংকুচিত করেছে। এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলো যাতে শিশু, নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ অব্যাহত রাখতে পারে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখতে পারে, সেজন্য আন্তর্জাতিক উদ্যোগ জরুরি।

তিতুমীর জানান, সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শনের আলোকে একটি গণতান্ত্রিক ও মানবকল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। পাশাপাশি সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নারীকেই উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নারীপ্রধান পরিবারকে সহায়তা দেওয়ার পাশাপাশি গর্ভাবস্থা, শৈশব, শিক্ষা, প্রতিবন্ধিতা ও বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান কার্ড, ওয়ান নম্বর অ্যান্ড ওয়ান ওয়ালেট’ কৌশলের কথা তুলে ধরে বলেন, এর মাধ্যমে জন্মনিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি এবং সরকারি সেবায় মানুষের প্রবেশাধিকার আরও সহজ হবে। তিনি শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণ, বহুভাষাভিত্তিক শিক্ষা, পুষ্টি, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন।

ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক টেড শাইবান বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে শিশু, নারী, শিক্ষা, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং শিশুকেন্দ্রিক তথ্যব্যবস্থায় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জা.অর্থনীতি/এসআই