আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্ব উপকূলে ইউরোপগামী অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল।
মঙ্গলবার টোবরুক শহরের কাছে বারদাআ দ্বীপসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ১০ জন সাঁতরে দ্বীপে পৌঁছে প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপে পৌঁছাতে চাওয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট। মানবপাচারকারীরা প্রায়ই অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট ও অনিরাপদ নৌকায় তাদের সমুদ্রপথে পাঠায়, ফলে নিয়মিতই প্রাণহানির ঘটনা ঘটছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৮০০ জনের বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। গত বছর এই রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন ১,৩০০ জনেরও বেশি।
সূত্র: এপি
জা.অর্থনীতি/এসআই