শহরজুড়ে চুরির মহোৎসব, ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ
ছবি সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে সাম্প্রতিক সময়ে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

সর্বশেষ গতকাল গভীর রাতে শহরের স্টেশন রোডের খাতুন ম্যানশনে এক চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই মার্কেটের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ‘সীমান্ত প্লাস পয়েন্ট’, ‘সারধা টেলিকম’ ও ‘আইডল ফ্যাশন’-এ প্রবেশ করে বিপুল পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে উকিল বাড়ি রোডের বাসিন্দা দুলাল মিয়ার বাড়ি থেকেও নগদ টাকা, টেলিভিশন ও মূল্যবান সামগ্রী চুরি হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে স্টেশন রোডের ‘সন্ধ্যা ফার্মেসি’র টিন কেটে ভেতরে ঢুকে আইপিএস, ব্যাটারি ও ইনভার্টার মেশিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ রোডের ‘নুর ফুডস’ হোটেলের সামনে থেকে কবির আহমদ নামের এক ব্যবসায়ীর ১২৫ সিসির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

টানা চুরির ঘটনায় শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা রাতের বেলা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা না থাকার সুযোগে চোরচক্র অনায়াসে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং চোরচক্রকে গ্রেপ্তার করা না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও হুমকি দিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ইতিমধ্যে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের বাসা-বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি