মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। অভিযোগ, দুই বছর আগে প্রথম সংসার ভেঙে বিয়ে করলেও এখনো তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না স্বামী। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১১ জুলাই) দুপুর থেকে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে এ অনশন কর্মসূচি শুরু হয়। অনশনরত নারী হলেন পখিরা গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে রানী আক্তার। অভিযুক্ত স্বপন খান ওই গ্রামের আয়নাল খানের ছেলে।
রানী আক্তারের অভিযোগ, স্বপন খানের সাথে দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দেয়। পরে স্বপন তার প্রথম শ্বশুরবাড়িতে কুৎসা রটিয়ে সংসার ভেঙে দেয় এবং ২০২৪ সালের ২০ মে খিলক্ষেত এলাকার একটি কাজী অফিসে ৬ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করে। তবে বিয়ের পর থেকেই স্বপন তাকে স্ত্রীর স্বীকৃতি দিতে টালবাহানা শুরু করে। বর্তমানে স্বপনের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার পাঁয়তারা করছে এবং ভাসুর লিবিয়ায় ধরা পড়ার কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই নারী। ঘটনার পর থেকে ট্রাকচালক স্বপন খান পলাতক রয়েছেন।
ওসি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।
—জা. অর্থনীতি/এলএটি