পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে বকেয়া পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে এক ক্রেতার ঘুষিতে আলী হোসেন (৩৮) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তিলপারা ইউনিয়নের বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নাজির উদ্দিনের ছেলে। অভিযুক্ত ক্রেতা শাহিনুর রহমান (৩২) একই গ্রামের ময়না মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন পাওয়ার ট্রিলারচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শাহিনুর রহমান ডিজেল কিনতে আলী হোসেনের মুদি দোকানে যান। এ সময় দোকানদার আলী হোসেন তার কাছে পূর্বের বকেয়া টাকা পরিশোধের তাগিদ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিনুর রহমান ব্যবসায়ী আলী হোসেনের নাকে সজোরে ঘুষি মারেন। ঘুষির আঘাতে আলী হোসেন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

ওসি আবুজাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি