প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি সভা
ছবি: জাতীয় অর্থনীতি

বরিশাল প্রতিনিধি: আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশালের বিভাগীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খল করতে সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

সভা সূত্রে জানা গেছে, ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় নিজ বাসস্থান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দলীয় সাংগঠনিক সভায় যোগদান করবেন।

—জা. অর্থনীতি/এলএটি