বিনোদন ডেস্ক: চলছে ফুটবলের জমজমাট আসর বিশ্বকাপ। চারিদিকে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে না, দর্শকদের জন্য থাকছে তারকাখচিত আয়োজনও। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজিত হবে বিশেষ হাফটাইম শো। সেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
জানা গেছে, আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। আয়োজকদের বরাতে ইএসপিএন জানিয়েছে, ১১ মিনিটের এই হাফটাইম শোতে মঞ্চে উঠবেন বিশ্বখ্যাত তারকারা।
ফিফার তথ্য অনুযায়ী, এই বিশেষ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।
হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। তাদের পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।
বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় এই আয়োজনকে নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে।’
এদিকে, হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারও। তিনি বলেন, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। একইসঙ্গে এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষায় অবদান রাখতে পারা তার জন্য বিশেষ আনন্দের।’
বিশেষ এই অনুষ্ঠানে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি পরিচিত চরিত্রও অংশ নেবে। দর্শকরা দেখতে পাবেন কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।
উল্লেখ্য, সুপার বোলের হাফটাইম শো বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম বিরতির সময় এমন আয়োজন করতে যাচ্ছে ফিফা। ফলে, মাঠের লড়াইয়ের পাশাপাশি সংগীতের মঞ্চেও দেখা যাবে এক স্মরণীয় রাত।
—জা. অর্থনীতি/এনএ