কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম— মো. শরিফুল ইসলাম (৩২)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে— মঙ্গলবার রাতে টেলিভিশন পর্দায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ দেখছিলেন স্থানীয় দর্শকরা। খেলা চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত ও সংজ্ঞাহীন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
—জা. অর্থনীতি/এলএটি