মীম হত্যার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় গৃহবধূ মীম আক্তার হত্যার বিচারের দাবিতে মেঘনা থানা ঘেরাও, মানববন্ধন ও ঝাড়ু বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা ও নিহতের পরিবারের সদস্যরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে থানা প্রাঙ্গণে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মণচর নওগাঁও গ্রামের বাসিন্দারা হত্যাকারী স্বামী ও শ্বশুর-শাশুড়ির ফাঁসির দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে থানা চত্বরে এই কর্মসূচি পালন করেন। নিহত গৃহবধূ হলেন— মীম আক্তার। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে মুন্সীগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের মো. সিয়ামের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

নিহতের মা সুমি আক্তার অভিযোগ করে জানান— গত ২ জুলাই (বৃহস্পতিবার) ভোরে জামাতা সিয়াম ফোন করে জানান যে মীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে কদমতলা এলাকার মহাসড়কে মীমের মরদেহ পাওয়া যায়। এর আগে মাথায় শ্যাম্পু দেওয়ার অপরাধে মীমের মাথা ন্যাড়া করে দিয়েছিলেন তার শাশুড়ি। নিহতের পরিবারের দাবি, মীমকে পরিকল্পিতভাবে হত্যা করে মহাসড়কে ফেলে রাখা হয়েছে। থানায় মামলা না নেওয়ায় তারা বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গত ২ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে খবর পেয়ে কদমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। মীমের মাথায় আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরিবার আদালতে মামলা করেছে বলে জানতে পেরেছি। আদালতের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে দ্রুতই এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।

—জা. অর্থনীতি/এলএটি