অনলাইন ডেস্ক: দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে শনিবারের মধ্যে লেবার রুম (প্রসব কক্ষ) স্থাপন করার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে দেশের প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা এখন সময়ের দাবি। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে গত দুই মাস ধরে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লার্ভা নিয়ন্ত্রণে ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, বর্তমানে পর্যাপ্ত শয্যা ও মোবাইল স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। স্যালাইনের সাময়িক ঘাটতি থাকলেও তা দ্রুত সমাধান করা হচ্ছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রোগীদের ছাড়পত্র প্রসঙ্গে মন্ত্রী নির্দেশ দেন, জ্বর কমলেও চিকিৎসকের পূর্ণ সন্তুষ্টি ছাড়া কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্লাজমা লিকেজসহ জটিলতা রয়েছে কি না-সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।
এ সময় তিনি দাবি করেন, গত বছরের তুলনায় দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে। পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিও সফলভাবে এগিয়ে চলছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও জানান, দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ হাজারই নারী হবেন এবং তাদের বড় অংশ থাকবেন মিডওয়াইফারি খাতে।
জা.অর্থনীতি/এসআই