ছাত্র-জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে: গণপূর্ত মন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: ২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের ফলে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং দীর্ঘ সময় পর মানুষ আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, অতীতে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাস হয়েছে। এছাড়া প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের একটি বড় প্রকল্প আসছে, যা কুমিল্লা বিভাগ না হওয়া সত্ত্বেও এখানেও বাস্তবায়ন করা হবে। বিগত নির্বাচনে কুমিল্লার ৯টি আসন বিএনপিকে উপহার দেওয়ায় তিনি জেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানান, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, যা সদ্য ঘোষিত বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুরের রেল যোগাযোগ সহজ হবে এবং সময় বাঁচবে অন্তত ৩ ঘণ্টা। এছাড়া বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠন হয়েছে এবং সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

—জা. অর্থনীতি/এলএটি