নিজস্ব প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহ করা ১৩৩টি ডিমের মধ্যে ২০টি নিম্নমানের পাওয়া গেছে। তবে গার্ডিয়ান কমিটির তৎপরতায় সেগুলো বিতরণের আগেই শনাক্ত হওয়ায় শিক্ষার্থীদের কাছে পৌঁছায়নি। পরে সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রুটিপূর্ণ ডিমগুলো অপসারণ করে নতুন ডিম সরবরাহ করে।
শুক্রবার (৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ প্রকাশের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে উপজেলা শিক্ষা অফিস ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করে।
তদন্তে দেখা যায়, গত ১ জুলাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা ১৩৩টি ডিমের মধ্যে ২০টি নিম্নমানের ছিল। বিষয়টি বিদ্যালয়ের গার্ডিয়ান কমিটি তাৎক্ষণিকভাবে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের নজরে আনে। এরপর এক ঘণ্টার মধ্যেই ত্রুটিপূর্ণ ডিমগুলো সরিয়ে নতুন ও মানসম্মত ডিম সরবরাহ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও মানসম্মত খাবার বিতরণ নিশ্চিত করা হয়।
তদন্তে আরও জানা যায়, স্কুল ফিডিংয়ের অংশ হিসেবে বিতরণ করা বানরুটির মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিদ্যালয়ের শিক্ষক, দপ্তরি, স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন, বানরুটির মান ভালো ছিল।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। স্কুল ফিডিং কর্মসূচিতে মান নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, গার্ডিয়ান কমিটি গঠনের উদ্দেশ্যই ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা ও খাদ্যের মান নিশ্চিত করতে অভিভাবকদের সরাসরি সম্পৃক্ত করা। বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি সেই উদ্যোগের কার্যকারিতা প্রমাণ করেছে। গার্ডিয়ান কমিটির কার্যকর তদারকির কারণেই ত্রুটিপূর্ণ ডিম বিতরণের আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে এবং শিক্ষার্থীদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পূর্ণভাবে এড়ানো গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় গত ১৮ মে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মায়েদের অংশগ্রহণে পাঁচ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটি গঠন করা হয়। স্কুল ফিডিং কার্যক্রমসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিয়মিত নজরদারি নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
—জা. অর্থনীতি/এএইচএ