আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় হালমাহেরা দ্বীপে আঘাত হেনেছে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ৩১ মিনিটে (গ্রিনিচ মান সময় ০২:৩১ টা) এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূলে কোনো সুনামি আছড়ে পড়ার আশঙ্কা বা সতর্কতা নেই।
ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎপত্তিস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরে অবস্থিত তেরনাতে শহরের বাসিন্দা উমর আব্বাস বার্তা সংস্থা এএফপি-কে বলেন, আমি রাস্তার পাশের একটি দোকানে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ আমার চেয়ারটি দুলতে শুরু করে। মুহূর্তের জন্য আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কারণ আগের ভূমিকম্পগুলোর ট্রমা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা রিং অব ফায়ার-এর ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী দেশগুলোতে প্রায়শই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।
জা.অর্থনীতি/এসআই
