হজ-ওমরায় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন ঘোষণা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে নতুন এবং আরও কঠোর বিধান কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যথাযথ কাস্টমস ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ বা স্বর্ণ বহন করা যাবে। এর আগে এই সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল।

সৌদি শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন নিয়ম পবিত্র হজ ও ওমরাহ পালনকারী যাত্রীসহ সৌদি আরবে প্রবেশ ও দেশত্যাগকারী সকল নাগরিক ও বিদেশি পর্যটকদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

৪০ হাজার রিয়ালের বেশি হলে ঘোষণা বাধ্যতামূলক: কোনো যাত্রীর কাছে নগদ অর্থ, স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর মোট মূল্য ৪০ হাজার সৌদি রিয়াল অতিক্রম করলে তাকে অবশ্যই লিখিতভাবে কাস্টমস ঘোষণা দিতে হবে।

বহন করা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ মালিকানা এবং তা ক্রয়ের আসল রসিদ বা প্রমাণপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।

নতুন আইন অনুযায়ী, কোনো যাত্রী যদি নিয়ম অমান্য করে ঘোষণা ছাড়া নির্ধারিত সীমার বেশি অর্থ বা স্বর্ণ বহন করেন, তবে কাস্টমস কর্তৃপক্ষ তা সরাসরি জব্দ বা আটকে রাখতে পারবে।

এছাড়া, কোনো ধরনের সন্দেহজনক লেনদেন বা অর্থপাচারের (Money Laundering) আশঙ্কা দেখা দিলে, সংশ্লিষ্ট নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত আটকে রেখে আইনি তদন্ত চালানোর পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে শুল্ক কর্তৃপক্ষকে।

সৌদি আরব ভ্রমণকারী বিশেষ করে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ ও ওমরাহ যাত্রীদের বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত জটিলতা ও হয়রানি এড়াতে এই বিধান কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে যাওয়ার আগেই নতুন এই নিয়ম সম্পর্কে পুরোপুরি অবগত থাকার এবং অতিরিক্ত অর্থ বা স্বর্ণ থাকলে তা কাস্টমসে আগেভাগেই ঘোষণা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

জা. অর্থনীতি / উমার