আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারী সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় অপহৃতদের মধ্যে অন্তত ৩৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী এবং একজন স্কুল কর্মকর্তা রয়েছেন। সোমবার (২৯ জুন) বোর্নো রাজ্যের লাসা শহরের গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে পরীক্ষা চলাকালীন এই অপহরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জুন) বোর্নো রাজ্যের শিক্ষা কমিশনার লাওয়ান আব্বা ওয়াকিলবে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা কমিশনার জানান, এখনো জিম্মি থাকা শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন ছাত্রী এবং ১১ জন ছাত্র। এছাড়া স্কুলের একজন স্টাফকেও অপহরণকারীরা আটকে রেখেছে। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত স্কুলের ভাইস প্রিন্সিপালসহ মোট ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন জিহাদি ও সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতায় বিপর্যস্ত। এর আগেও এই অঞ্চলে একাধিকবার স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অপহরণের মতো নৃশংস ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হামলার পরদিন মঙ্গলবার নাইজেরিয়ার সশস্ত্র সেনাদের পাহারায় আতঙ্কিত অভিভাবকরা তাদের সন্তানদের খোঁজে স্কুল প্রাঙ্গণে এসে ভিড় করছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছে।
সূত্র: রয়টার্স
জা.অর্থনীতি/এসআই