মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামীম হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার (২৯ জুন) বিকেলে মাদ্রাসার পাশের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রামীম গাংনী পৌর এলাকার র্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের কিছুটা আগেই রামীম বন্ধুদের সঙ্গে মাদ্রাসায় চলে যায়। সেখানে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে মাদ্রাসার পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে নেমে রামীমকে উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রামীমকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন্নাহার খানম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
ওসি জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
—জা. অর্থনীতি/এলএটি
