দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. বারেক আলী (৫০)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর)। র‍্যাব-১৪ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে র‍্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়া থানার কাঠগড়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বারেক আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার (জমকান্দা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

র‍্যাব জানায়, ২০১৭ সালের ১৬ জুলাই নালিতাবাড়ী থানায় দণ্ডবিধির (পেনাল কোড) ৩২৩ ও ৩২৪ ধারায় দায়ের হওয়া একটি মামলায় (মামলা নং-১৯) আদালত বারেক আলীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি ছদ্মনাম ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বারেক আলীর অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে সোমবার বিকেলে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি