চাঁদা না পেয়ে চিকিৎসক পরিবারে হামলা ও কুপিয়ে জখম
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে সাড়ে ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে এক চিকিৎসক ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় চিকিৎসক ডা. বুরাক হোসেন কবিরসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র ডা. বুরাক হোসেন কবিরের কাছে সাড়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। এর জের ধরে শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী ডা. বুরাকের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে পরিবারের সদস্যদেরও কুপিয়ে ও মারধর করে জখম করা হয়।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন স্বজনরা রক্তাক্ত পোশাক দেখিয়ে এ নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একজন চিকিৎসক ও তার পরিবারের ওপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি