নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবককে হত্যা
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মঞ্জু শেখ (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জু শেখ চরতাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ি এলাকার মৃত দারোগ আলী শেখের ছেলে।

নিহতের চাচা ও সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখ জানান, জোতকাকুরিয়া এলাকার পদ্মা নদী থেকে বেশ কিছুদিন ধরে একটি প্রভাবশালী পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীভাঙনে স্থানীয় গ্রামবাসীদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। শুক্রবার দুপুরে পুনরায় বালু উত্তোলনের চেষ্টা করা হলে স্থানীয় গ্রামবাসী একজোট হয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় বালু উত্তোলনকারীরা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। সেখানে আসলে কী ঘটেছিল এবং কারা এই অস্ত্রধারী, তা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান চলছে।

—জা. অর্থনীতি/এলএটি