শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: অনাহারে-অর্ধাহারে দিন কাটানো সাতক্ষীরার শতবর্ষী অসহায় বৃদ্ধা আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (২৪ জুন) সকালে ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামে আছিয়া বেগমের নিজ বাড়িতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। 

গণমাধ্যমে তার মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হওয়ার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। বৃদ্ধার পাশে দাঁড়াতে তাৎক্ষণিকভাবে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম, মাইটিভির ক্যামেরাম্যান একরামুজ্জামান জনি এবং বাংলাভিশনের ক্যামেরাম্যান রাকিব।

জানা গেছে, ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার একটি নির্জন এলাকার এক ভাঙাচোরা টিনের কুঁড়েঘরে অত্যন্ত মানবেতর অবস্থায় বসবাস করেন শতবর্ষী আছিয়া বেগম। প্রায় ২০ বছর আগে তার স্বামী ময়েজউদ্দিন ঢালী মারা যান। দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও তারা প্রত্যেকেই চরম অভাব-অনটন ও অসুস্থতার কারণে বৃদ্ধা মায়ের দেখভাল করতে পারছিলেন না। বর্তমানে সরকারের দেওয়া মাত্র ৬০০ টাকার বয়স্ক ভাতাই ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। সামান্য বৃষ্টি হলেই জীর্ণশীর্ণ সেই ঘরের চাল দিয়ে পানি পড়ত।

বৃদ্ধার এই কষ্টের কথা জানতে পেরে ইউএনও অর্ণব দত্তের নির্দেশনায় পিআইও শাহিনুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ভোজ্যতেল ও লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় নিত্যপণ্যের ব্যবস্থা করেন। পরবর্তীতে গণমাধ্যমকর্মী একরামুজ্জামান জনি ও রাকিবের মাধ্যমে আছিয়া বেগমের বাড়িতে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

প্রশাসনের এমন মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আছিয়া বেগম। তবে বৃদ্ধার জীবনের শেষ সময়টুকু স্বস্তিতে কাটাতে তার জন্য স্থায়ীভাবে একটি থাকার ঘর ও নিয়মিত সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

—জা. অর্থনীতি/এলএটি