বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘কুলি’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। অ্যাকশন-কমেডি ঘরানার এ সিনেমাটিতে ‘কুলি’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। প্রায় তিন দশক পর আবারও কুলির চরিত্রে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।
জানা গেছে, এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কুলির চরিত্রে দেখা যাবে ওমর সানীকে। সম্প্রতি মহাখালী বাস টার্মিনালে ‘ব্ল্যাক’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকা।
মূলত, গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।
নতুন এই প্রোজেক্টে কাজ করা প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে।’
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে নির্মাতা মহিন খান জানালেন, ভিন্নধর্মী কাজ এটি; নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানীকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে।
জানা গেছে, ওমর সানি ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
—জা. অর্থনীতি/এনএ