বিনোদন ডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে রয়েছে বহু মতামত। সম্প্রতি এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বখ্যাত অভিনয়শিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও, এমিলি ব্লান্ট ও পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ছিলো ভিন্নমতও। যেমন, প্রভাবশালী নির্মাতা মার্টিন স্করসেজি। প্রকাশ্যে এআই প্রযুক্তির পক্ষে অবস্থান নেন তিনি। সে বিতর্ক শেষ হতে না হতেই এ নিয়ে আবারও সরব হলিউড তারাকারা। এবার এআই প্রসঙ্গে নিজের মতামত জানালেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড।
চলচ্চিত্র জগতেও এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরে। কেউ কেউ এআইকে ঝুঁকিপূর্ণ মনে করলেও অনেকে আবার এটিকে ‘হুমকিস্বরূপ’ দেখছেন না। ‘স্পাইডার-ম্যান’ তারকার মতে, ‘এআইয়ের কোনো আত্মা নেই’। তাই তিনি এটি নিয়ে খুব একটা চিন্তিত নন। স্পেনের জনপ্রিয় টক শো ‘এল হরমিগুয়েরো’তে স্ত্রী-অভিনেত্রী জেন্ডায়ার সঙ্গে অংশ নিয়ে টম বলেন, ‘সৃজনশীলতা এআইয়ের কাছ থেকে নিরাপদ, কারণ সৃজনশীলতার মূল ভিত্তি হলো মানুষের অভিজ্ঞতা। এটি আবেগ, অনুভূতি এবং একে অপরকে বোঝার সঙ্গে জড়িত।’
টম আরও বলেন, ‘এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু মানুষের আবেগ বুঝতে পারে না। সুখ আর দুঃখের পার্থক্যও সে উপলব্ধি করতে পারে না। একজন শিল্পী যখন ছবি আঁকেন, তখন তিনি কোনো কিছু অনুকরণ করেন না; বরং নিজের অনুভূতি ও চিন্তার প্রকাশ ঘটান। তাই আমি মনে করি, সৃজনশীলতার জায়গাটি এখনো সুরক্ষিত।’
টম হল্যান্ড বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার নতুন দুটি সিনেমার প্রচারণায়। এর মধ্যে ২৪ জুলাই মুক্তি পাবে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই অভিনেতা। এর এক সপ্তাহ পর মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দুটি সিনেমাতেই তার সঙ্গে অভিনয় করেছেন জেন্ডায়া।
—জা. অর্থনীতি/এনএ