পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা কাশেম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে তাকে যুবদলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে আতাইকুলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (১৪ জুন) সারারাত অভিযান পরিচালনা করে সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে হাত ধরে টানাটানি করে কাশেম শেখ। এই ঘটনায় পরদিন (১২ জুন) শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় একটি শ্লীলতাহানির মামলা দায়ের করেন।
এদিকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শ্লীলতাহানির এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গত রবিবার (১৪ জুন) আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদলের সকল পদ-পদবী থেকে কাশেম শেখকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে আর-আতাইকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সাথে দলের কোনো স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি