খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
ছবি সংগৃহীত

খুলনা প্রতিনিধি: খুলনায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুরে বিএল (ব্রজলাল) কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লোকমান হেকিম ও আলম শেখ। এর মধ্যে হেকিম জ্বালানি তেলের ব্যবসায়ী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তরা মসজিদে ঢুকে গুলি চালায়। এতে লোকমান গুরুতর আহত হন। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আহত আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ভোর সাড়ে ৫টার দিকে গুলির ঘটনা ঘটে। আহত একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত লোকমান হেকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে হেলমেট পরা ২ ব্যক্তিকে দেখা গেছে। আমরা আরও ফুটেজ পরীক্ষা করছি। এখনো গুলির ঘটনার কোনো উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের লবণচড়া থানার মাথাভাঙ্গা এলাকায় রফিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে