আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা
ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন করকুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে আসছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। তিনি দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বাকি সিদ্ধান্ত আদালতের।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, তিনি দুপুরে আত্মসমর্পণের জন্য সিরাজগঞ্জ আদালতে আসবেন। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

—জা. অর্থনীতি/এনজে