রাজনগরে এক মঞ্চে দুই পিতৃহীন কনের রাজকীয় বিয়ে
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে মানবিক উদ্যোগে এক মঞ্চে সম্পন্ন হলো দুই পিতৃহীন অসচ্ছল তরুণীর রাজকীয় বিয়ে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজনগরের হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টারে ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’-এর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই জমকালো বিয়ের আয়োজন করা হয়।
নববধূরা হলেন— রাজনগর উপজেলার সারমপুর গ্রামের মদিনা বেগম ও মহলাল এলাকার রাজনা বেগম। তারা দুজনেই পিতৃহীন এবং অসচ্ছল পরিবারের সন্তান।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বর-কনে ও আয়োজকেরা জানান, পরিবারগুলোর পক্ষে বিয়ের বড় আয়োজন করার সাধ্য ছিল না। দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশিদের উদ্যোগে গঠিত ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’ এই অসহায় দুই কনের দায়িত্ব নেয়। জমকালো এই আয়োজনে প্রায় ৩০০ অতিথির ভোজের পাশাপাশি নতুন দম্পতিদের সুন্দরভাবে সংসার শুরু করার জন্য খাট, আলমারি, ড্রেসিং টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহসামগ্রী উপহার দেওয়া হয়।
সংগঠনের উদ্যোক্তা জয়নাল খান ও রুজনা বেগম বলেন, "আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দুই পিতৃহীন মেয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"
নতুন জীবনে পা রাখা দুই নববধূ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, "আমাদের বাবা নেই। এই অসচ্ছল পরিবারের পাশে যারা আজ দাঁড়িয়েছেন, তারা মহৎ হৃদয়ের মানুষ। নতুন জীবনসঙ্গীকে নিয়ে যেন বাকিটা জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি, সবার কাছে সেই দোয়া চাই।"

—জা. অর্থনীতি/এলএটি