কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়। রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করেই সড়কে নেমে মিছিল শুরু করেন। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিলের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের কর্মীরা তাদের ধাওয়া করে কয়েকজনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মোট ৪৫ জনকে আটক করে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দমনের জন্য ছাত্রদল প্রস্তুত। মিছিলের নামে যদি জনগণের ভোগান্তি করার পাঁয়তারা করা হয়, তবে আমরা শক্তহাতে দমন করব।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি