হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি
জাতীয় অর্থনীতি

নীলফামারী প্রতিনিধি: 'নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এই কর্মসূচি শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি প্রমুখ।

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি জানান, এডিস মশার বিস্তার রোধে হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, "ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।"

—জা. অর্থনীতি/এলএটি