ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
ছবি সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার ঘটনায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের ভোগান্তি চরম ভোগান্তি পোহাতে হয়েছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের মধ্যেই যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। লক্কড়-ঝক্কড় এসব যানবাহন রেকারের মাধ্যমে সরিয়ে নিতে গিয়ে বারবার যান চলাচল ব্যাহত হয়।

এর মধ্যে শুক্রবার রাতে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে একটি বাসের পেছনে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে একজন নিহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল বন্ধ থাকে। সব মিলিয়ে ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের জন্য এটি বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

ওসি বলেন, বর্তমানে সিরাজগঞ্জ অংশের মহাসড়ক স্বাভাবিক রয়েছে। তবে যমুনা সেতুতে প্রায় ২০-২৫টি লক্কড়-ঝক্কড় যানবাহন বিকল হওয়ায় এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা এবং ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ  ও  সেতুর ওপর ও সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া জানান, মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। তবে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি