ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বর্তমান ইউপি সদস্য কফিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘটিত এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালের দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পুরনো পারিবারিক-রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য কফিল ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় আজ সকালে দুপক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের শত শত সমর্থক দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে।
খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
—জা. অর্থনীতি/এলএটি/এনজে