মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর-রশিদ ইয়াছিন বলেছেন, বিশ্বে অর্থনৈতিক একটু টালমাটাল অবস্থা রয়েছে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে। কারণ বিশ্বব্যাপী মানুষের বাই ইনকাম ক্যাপাসিটি ড্রপ করছে।

শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে।

তিনি আরও বলেন, বিশ্বটা একটা ফ্যামিলির মতো। পৃথিবীর কোথাও যদি ক্রাইসিস দেখা দেয়- এটার এফেক্ট আমাদের উপর প্রভাব পরতে পারে। কারণ আমরা যে চামড়া উৎপাদন করি তার বেশিরভাগ চামড়া রপ্তানি হয়ে যায়। এটা সত্য বিশ্ব অর্থনীতি একটু টালমাটাল অবস্থায় রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- হাজী জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

—জা. অর্থনীতি/এনজে