বিনোদন ডেস্ক: সালমান খান। নামের পরে তাঁর আর কোনো বিশেষণের প্রয়োজন হয় না। বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার তিনি। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিলো সালমান খানকে! তা-ও নিজের জন্য নয়, বাবা সেলিম খানের জন্য একটি দামি ‘রোলেক্স’ ঘড়ি কিনতে বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই আবেগঘন ও মজাদার স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেতা।
সালমান খান বর্তমানে বলিউডের অন্যতম শীর্ষ তারকা। রয়েছেন সাফল্যের চূড়ায়। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর। কিন্তু সাফল্যের এই মাইলফলকে পৌঁছানোর আগে থেকেই ছিলো বাবা সেলিম খানের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। নতুন করে আবারও সেই কথা জানালেন সালমান খান নিজেই।
এক সাক্ষাৎকারে সালমান ক্যারিয়ারের শুরুর দিকের সেই অজানা অধ্যায় শেয়ার করেন। তখন বলিউডে তার পায়ের নিচের মাটি সবে শক্ত হতে শুরু করেছে। হঠাৎই বাবার জন্য একটি ‘রোলেক্স’ ঘড়ি পছন্দ হয় তাঁর। কিন্তু পকেটে ছিলো না পর্যাপ্ত অর্থ। ৯ লাখ রুপি দামের সেই ঘড়িটি কিনতে নিজের জমানো ৪ লাখ রুপির সাথে বন্ধুদের কাছ থেকে আরও ৫ লাখ রুপি ধার করেন সালমান।
অনেক কষ্টে টাকা জোগাড় করে ঘড়িটি যখন বাবা সেলিম খানের হাতে তুলে দেন, তখন ঘটে উল্টো ঘটনা। প্রখ্যাত এই চিত্রনাট্যকার ছেলের এমন কাণ্ড দেখে মোটেও খুশি হননি। ক্যারিয়ারের শুরুতেই এমন অপচয় দেখে বেশ চটেছিলেন তিনি।
সালমানকে ধমক দিয়ে বলেছিলেন, এখনো ঠিকঠাক কাজই শুরু হয়নি, এর মধ্যেই নিজেকে রাজা-বাদশা ভাবা শুরু করেছিস? তবে, শুরুর সেই রাগ টেকেনি বেশি দিন। পরবর্তীতে এই ঘড়িটিই হয়ে ওঠে সেলিম খানের সবচেয়ে প্রিয় অনুষঙ্গ, যা স্রেফ ঘড়ি নয়, তাঁর কাছে ছিলো একটি বিশেষ ‘অলংকার’।
বছরের পর বছর সযত্নে ব্যবহারের পর সেই বিশেষ ‘রোলেক্স’ ঘড়িটি এখন আবার সালমানের হাতেই শোভা পাচ্ছে। বাবা নিজেই সেটি ছেলেকে উপহার হিসেবে ফিরিয়ে দিয়েছেন। অথচ, নেটদুনিয়ায় এই সালমান খানের ঘড়ির সংগ্রহ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভাইজান জানান, গত ২৬-২৮ বছর ধরে তিনি আসলে নিয়মিত ঘড়ি পরাই ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর হাতে যে দামি দামি ঘড়িটি দেখা যায়, তার প্রায় সবই বন্ধুদের কাছ থেকে ট্রাই করার জন্য নেওয়া।
এদিকে, নতুন সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই হার্ডথ্রব অভিনেতা। পর্দায় আগামীতে সালমানকে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে, সিনেমাটির নাম রাখা হয়েছিলো ‘ব্যাটল অব গালওয়ান’।
—জা. অর্থনীতি/এনএ