মাঝ আকাশে বোমাতঙ্ক, বিস্ফোরণের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ভারতের হায়দরাবাদগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা থাকার হুমকিতে মাঝ আকাশেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপদে বিমানটি অবতরণ করানো হলেও তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমস্টারডাম থেকে উড্ডয়নের কিছু সময় পর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে একটি ই–মেইল আসে। সেখানে দাবি করা হয়, কুয়ালালামপুর এয়ারওয়েজের হায়দরাবাদগামী ওই বিমানে বোমা রয়েছে এবং যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

বার্তা পাওয়ার পরপরই বিমানের পাইলট হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। খবর পেয়ে বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়। মোতায়েন করা হয় অ্যাম্বুলেন্স, দমকল ও উদ্ধারকারী দল।

পরে বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের দ্রুত নামিয়ে এনে পুরো বিমান তল্লাশি চালানো হয়। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ নিয়ে হায়দরাবাদের শামসাবাদ বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে তৃতীয়বারের মতো বোমাতঙ্কের ঘটনা ঘটল। এর আগে শনিবার মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়া–এর একটি ফ্লাইটেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। সেবারও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির ই–মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

—জা. অর্থনীতি/এআইই