আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৫ মে) এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
—জা. অর্থনীতি/এআইই