শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ যে দল জিতবে, সেই দলের হাতেই উঠবে ট্রফি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লের ১০ ওভার শেষ হতে না হতেই সাজঘরের পথ ধরলেন তিন ব্যাটার। এরপর দলের হাল ধরেন শান্ত ও লিটন। ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর ফিফটি পূর্ণ করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে স্বাগতিকরা। 

এদিন চট্টগ্রামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৬৫ রান। ফলে, জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান। 

এর আগে, দিনের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। 

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরার চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য। 

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। তাতেই বাড়তে থাকে বাংলাদেশের ইনিংস। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান। তাতেই ভালো সংগ্রহের ভিত পেয়েছে টাইগাররা। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন। 

এদিকে, ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন শান্ত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতরানের ইনিংস। শান্তর ইনিংস থামে ১০৫ রানে। ১১৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চার ও দুটি ছয়ে সাজানো। 

এ ছাড়া, মেহেদী হাসান মিরাজ ২২, শরিফুল ইসলাম ১, তানভীর ইসলাম শূন্য রানে আউট হন। এ ছাড়াও, ৩৩ রানে তাওহীদ হৃদয় ও ৩ রানে মুস্তাফিজুর রহমান অপরাজিত থাকেন। 

—জা. অর্থনীতি/এনএ