বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো এবারও বিশ্বের শীর্ষ ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এবার টাইমের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় জায়গা করেন নিলেন ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবাদ ও সত্য প্রকাশের সাহসী ভূমিকার জন্য ‘আর্টিস্ট’ বিভাগে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাফর পানাহি বারবার কারাবরণ ও নিষেধাজ্ঞার মুখেও থেমে থাকেননি। বরং, প্রতিকূল পরিস্থিতিকে সৃষ্টিশীল শক্তিতে রূপান্তর করে তিনি তুলে ধরেছেন ইরানের সমাজ-বাস্তবতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দমন-পীড়নের চিত্র।
এই নির্মাতাকে নিয়ে টাইমের সাইটে বলা হয়েছে, ‘বহু বছর ধরেই সিনেমার সেন্সরশিপ নিয়ে জটিলতা ও রাষ্ট্রীয় চাপের মুখে তিনি সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। নিজের দেশেই তিনি সিনেমা নির্মাণ করতে গিয়ে বারবার ঝুঁকির মুখে পড়েছেন। সিনেমা বানানোর জন্য বেশ কয়েকবার জেল খেটেছেন এই নির্মাতা।’
তার সর্বশেষ চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’, যা গোপনে ইরানে নির্মাণ করা হয়। দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের বাস্তবতা ও মানুষের মানসিক ক্ষতকে তুলে ধরে এই চলচ্চিত্র। যে চলচ্চিত্রের জন্য তিনি ২০২৫ সালের ‘কান ফিল্ম ফেস্টিভাল’-এর সর্বোচ্চ পুরস্কার পাম দ’অর সম্মান অর্জন করেন এবং একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) দুটি মনোনয়ন পান।
তবে এই সাফল্যের বিপরীতে তাকে মোকাবিলা করতে হয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ও কারাদণ্ডের মতো কঠিন বাস্তবতাও। তবুও থেমে না গিয়ে তিনি তার শিল্পচর্চা অব্যাহত রেখেছেন। যা তাকে বিশ্বজুড়ে প্রতিরোধী শিল্পের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এবারের তালিকায় ‘আর্টিস্ট’ বিভাগে জাফর পানাহির পাশাপাশি স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর, লাতিন আমেরিকান অভিনেতা বেনিসিও দেল তোরো, মার্কিন অভিনেত্রী ডাকোটা জনসন, অভিনেতা-পরিচালক নোয়া ওয়াইল এবং দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী জেনি কিমসহ মোট ১৬ জন শিল্পী।
প্রতিবছর এই তালিকায় বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১১ জুলাই ইরানের নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন জাফর পানাহি। মাত্র ১০ বছর বয়সেই চলচ্চিত্রজগতের সঙ্গে পরিচিতি ঘটে তাঁর। এই পরিচালক বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বার্লিন বেয়ারসহ চারটি পুরস্কার পান। এ ছাড়া, কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম পেয়েছেন দু’বার। সব মিলিয়ে কান থেকে ৫টি পুরস্কার পেয়েছেন। এ বছর তিনি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমা দিয়ে অস্কারে মনোনয়ন পান।
—জা. অর্থনীতি/এনএ