বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরান ব্যানার্জি। ‘বয়েই গেলো’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘প্রলয় আসছে’ এমন অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে, মাঝে কয়েক বছর ছোটপর্দায় অভিনয় করেননি তিনি। অবশেষে বিরতি ভেঙ্গে নতুন কৌতুকধর্মী ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’-এর মাধ্যমে আবার ছোটপর্দায় ফিরছেন প্রবীণ এই অভিনেতা। তবে এবার তার ফেরাটা হচ্ছে একেবারেই নিজস্ব কিছু শর্ত সাপেক্ষে।
এ পরান ব্যানার্জি বলেন, ‘এই প্রযোজনা সংস্থার দু’টি ছবি ‘কীর্তন’ ও ‘কীর্তনের পর কীর্তন’-এ আমি কাজ করেছি। ছবি দু’টি বেশ প্রশংসিত হয়েছিলো। তখনই এই গল্প নিয়ে ধারাবাহিক করার পরিকল্পনা করা হয়। তারা আমাকে কাজের অনুরোধ করলে না করতে পারিনি। মূলত, ভালোবাসার টানেই রাজি হয়েছি।’
ধারাবাহিকে অভিনয় করতে রাজি হলেও বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কাজে ফিরতে বিশেষ কিছু শর্ত যুক্ত করেছেন এই অভিনেতা। নিজের সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে, দৃষ্টিশক্তিও আগের চেয়ে ক্ষীণ হয়ে এসেছে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে ১৪ ঘণ্টা কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, সাড়ে চার ঘণ্টার বেশি শুটিং করতে পারবো না।’
তিনি আরও বলেন, ‘বাসা থেকে বের হয়ে সব মিলিয়ে আমি বড়জোর ছয় ঘণ্টা বাইরে থাকতে পারি। এর মধ্যেই আমার শুটিংয়ের অংশটুকু শেষ করতে হবে। প্রযোজনা সংস্থাও আমার এই পরিস্থিতি মেনে নিয়েছে।’
জানা গেছে, শিগগিরই ‘সংসার সংকীর্তন’ নামের নতুন কৌতুকধর্মী এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে তার সঙ্গী হিসেবে থাকছেন সব্যসাচী চৌধুরী এবং মানালি দে।
—জা. অর্থনীতি/এনএ