Print Date & Time : 07 November 2026 Saturday 03:54 am

সরকারি হিসাবে কিশোরগঞ্জে এইচআইভি শনাক্ত ২: সিভিল সার্জন

image

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ জেলায় এইচআইভি (HIV) শনাক্ত রোগীর সরকারি হিসাব প্রকাশ করে তথ্য সংশোধন করেছেন জেলার সিভিল সার্জন ড. মোহাম্মদ সাইদুর রহমান। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত জেলায় মোট দুইজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সিভিল সার্জন জানান, সরকারি নিবন্ধনে থাকা উক্ত দুই রোগীই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছেন। আগের দিন এ তথ্য জানা ছিল না উল্লেখ করে তিনি বলেন, "সরকারি দাপ্তরিক হিসাবে জেলায় এখন পর্যন্ত দুজন শনাক্তের রেকর্ড রয়েছে।"

আরও পড়ুন:  কিশোরগঞ্জে ২৬ এইচআইভি রোগী শনাক্ত, ২২ জনই ভৈরবে

এর আগে বেসরকারি সংস্থা ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র অনুসন্ধানী তথ্যের ভিত্তিতে জেলায় ২৬ জন এইচআইভি আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, ২০২০ থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাদের আওতাধীন ভৈরব কার্যালয়ে ২২ জন এবং কিশোরগঞ্জ কার্যালয়ের অধীনে চারজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। কেবল চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যেই সংস্থাটি নতুন নয়জন আক্রান্তকে চিহ্নিত করেছে।

তবে বেসরকারি হিসাবের বিষয়ে সিভিল সার্জন স্পষ্ট করেন যে, "বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ২৬ জন শনাক্তের মোট সংখ্যা জানালেও রোগীদের বিস্তারিত নাম-পরিচয় বা প্রোফাইল হস্তান্তর করেনি। ফলে সরকারি তালিকার দুজন ওই ২৬ জনের ভেতরে অন্তর্ভুক্ত কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।"

যাচাইকরণ প্রক্রিয়া শেষ না হওয়ায় সরকারি ও বেসরকারি হিসাব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখনই ২৮ জন বলা যাচ্ছে না বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি