কেন 'অর্থনীতিবিদ' প্রেসিডেন্টকে গৃহবন্দি করল প্যারাগুয়ে?

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে একটি ডিজিটাল ব্যাংকের আর্থিক বিপর্যয় ঘিরে দেখা দিয়েছে ভয়াবহ সংকট। এতে প্রায় ৩০ লাখ গ্রাহকের সঞ্চয় অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে ঝুঁকিতে রয়েছে বিপুল সরকারি অর্থ ও পেনশন তহবিল। এই পরিস্থিতির জেরে দেশটির রাজনীতিতেও বড় পরিবর্তন এসেছে। অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্যারাগুয়ের দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংক আর্থিক সংকটে পড়ায় বিপাকে পড়েছেন লাখ লাখ গ্রাহক। প্রায় ৬৫ লাখ জনসংখ্যার দেশটিতে ব্যাংকটির গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ। প্রতিষ্ঠানটির কাছে সরকারি তহবিলের প্রায় ৮০ থেকে ৮৫ কোটি ডলার থাকায় দেশটির আর্থিক ব্যবস্থায়ও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ব্যাংকটির সঙ্গে প্রেসিডেন্ট পেনার অতীত ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। তিনি প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণকারী ব্যবসায়িক গোষ্ঠী গ্রুপো ভাজকেজের অংশীদার ছিলেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাত, সরকারি তহবিলের অপব্যবহার এবং ব্যাংকের অনিয়ম আড়াল করার অভিযোগ ওঠে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পেনা।

গত ৫ নভেম্বর দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থের কথা উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে আইনপ্রণেতারা তাঁর পদত্যাগ গ্রহণ না করে অভিশংসন প্রক্রিয়া চালিয়ে যান।

পরদিন ৬ নভেম্বর সিনেটে ভোটাভুটির মাধ্যমে তাঁকে অভিশংসিত করা হয় এবং গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়। একই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। ব্যাংকিং সংকট থেকে শুরু হওয়া এই ঘটনা প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের পরিবর্তন এনেছে।

জা.অর্থনীতি/এসআই