অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনাসদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, এ সময় ৩ জনকে গ্রেপ্তার ও ৫৭ জনকে উদ্ধার করা হয়।
এদিকে, কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বলেন, পাহাড়ে জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে কয়েকজন আহত হন। অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
—জা.অর্থনীতি/আইবিএম
