নিজস্ব প্রতিবেদক: বিদেশে দেশের মোবাইল অপারেটরগুলোর আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারে বিভিন্ন কারিগরি সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা। প্যাকেজ কেনার পর তা সক্রিয় না হওয়া, ইন্টারনেটের কম গতি এবং হেল্পলাইন থেকে কার্যকর সহায়তা না পাওয়ার মতো বিষয়গুলো তুলে ধরে এই সেবায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যকর নজরদারি চেয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশি গ্রাহকদের জন্য মোবাইল সংযোগ সচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রোমিং প্যাকেজ চালুর পর সঠিক সময়ে তা সক্রিয় না হওয়া, বৈদেশিক নেটওয়ার্কে যুক্ত হতে না পারা কিংবা মেয়াদের আগেই ডেটা শেষ হয়ে যাওয়ার মতো অভিযোগ নিয়মিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি চীন ও ভারতে অবস্থানকালে বেশ কয়েকজন ব্যবসায়ী ও সাংবাদিক গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের রোমিং সেবা ব্যবহারে এই ধরনের সমস্যায় পড়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেটরগুলো আন্তর্জাতিক রোমিং নিয়ে বিভিন্ন প্রচার চালালেও বাস্তবে বৈদেশিক পার্টনার নেটওয়ার্ক বা অভ্যন্তরীণ সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। চুক্তি অনুযায়ী নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার মূল দায়িত্ব সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের। এছাড়া গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, আউটবাউন্ড রোমিংয়ে ফাইভ-জি সেবা এখনো চালু হয়নি।
রোমিং সেবার মান নিশ্চিত করতে বিটিআরসির কাছে ৮টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে সংগঠনটি। দাবিসমূহের মধ্যে রয়েছে—
১. রোমিং প্যাকেজ সক্রিয় করার তথ্য তাৎক্ষণিক নিশ্চিত করা এবং তা ব্যর্থ হলে অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া।
২. গন্তব্য দেশের পার্টনার নেটওয়ার্কের ধরন, প্রযুক্তির মান ও সম্ভাব্য ইন্টারনেটের গতি সহজ ভাষায় গ্রাহককে জানানো।
৩. বিজ্ঞাপনে ডেটার পরিমাণের পাশাপাশি সেবার সম্ভাব্য সীমাবদ্ধতা স্পষ্ট করা।
৪. বিদেশে অবস্থানরত গ্রাহকদের প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য ২৪ ঘণ্টার সুনির্দিষ্ট হেল্পলাইন চালু করা।
৫. ইন্টারনেটের গতি কম হলে তার কারিগরি কারণ গ্রাহককে অবহিত করা।
৬. একই সমস্যায় গ্রাহককে পুনরায় নতুন প্যাকেজ কেনার পরামর্শ না দিয়ে মূল ত্রুটি সংশোধন করা।
৭. গ্রাহকের অভিযোগসংক্রান্ত তথ্য ও সমাধানের অগ্রগতি বিটিআরসির কাছে নিয়মিত জমা দেওয়া।
সংগঠনটি মনে করে, আন্তর্জাতিক ব্যবসা, ভ্রমণ, চিকিৎসা ও দাপ্তরিক কাজে প্রতিদিন বহু নাগরিক বিদেশে যাচ্ছেন। তাই রোমিং সেবার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে বিটিআরসি ও মোবাইল অপারেটরগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
