নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ 'এক্সপার্টবুক আল্ট্রা' উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আসুস বাংলাদেশ। পেশাজীবী ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের উপযোগী এই ল্যাপটপটিতে উচ্চ পারফরম্যান্স, সহজ বহনযোগ্যতা ও শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিভাইসটির আনুষ্ঠানিক বিক্রি শুরুর ঘোষণা দেওয়া হয়।
ল্যাপটপটি শক্তিশালী ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং আল্ট্রা ৭ প্রসেসর কনফিগারেশনে বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রসেসিং সুবিধা, যা একাধিক জটিল কাজ একসঙ্গে দ্রুত করতে সাহায্য করে। ডিভাইসটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে আসুসের নিজস্ব তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
যাঁরা নিয়মিত যাতায়াত বা ঘুরে কাজ করেন, তাঁদের সুবিধার কথা ভেবে এটি বেশ হালকা করে তৈরি করা হয়েছে। প্রিমিয়াম ধাতব কাঠামোর এই ল্যাপটপের ওজন মাত্র ৯৯০ গ্রাম (০.৯৯ কেজি)। পাশাপাশি এতে রয়েছে চমৎকার রঙ ও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করতে উচ্চ-রেজল্যুশনের ওলেড ডিসপ্লে।
ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক তথ্যের সুরক্ষায় ল্যাপটপটিতে যুক্ত করা হয়েছে এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা ব্যবস্থা। এতে থাকা 'আসুস এক্সপার্টগার্ডিয়ান' প্রযুক্তি হার্ডওয়্যার, সিস্টেম ডেটা ও ফার্মওয়্যারকে যেকোনো সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখে। এছাড়া কাজের দক্ষতা বাড়াতে এতে এআই-ভিত্তিক নানা কমিউনিকেশন ও ওয়ার্কফ্লো ফিচার যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে আসুসের এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট রেক্স লি বলেন, "সত্যিকারের ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ কেমন হওয়া উচিত, এক্সপার্টবুক আল্ট্রা তার আদর্শ উদাহরণ। আজকের পেশাজীবীরা এক ডিভাইসে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, সৌন্দর্য ও নিরাপত্তা—সব চান। আমরা সেই সমন্বিত অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে এসেছি।"
আসুসের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং স্থানীয় খুচরা বিক্রেতা অংশীদারদের কাছে নতুন এই ল্যাপটপ পাওয়া যাবে। বাংলাদেশে আসুস এক্সপার্টবুক আল্ট্রার শুরুর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।
