মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত আব্দুল আজিজ হত্যা মামলার দীর্ঘ ১৩ বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধ প্রমাণ না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক ফাহমিদা আক্তার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল মিঞা ও রুমান মিঞা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়নাল আবেদীন ও রিপন মিঞা। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন স্বপন মিঞা, জাহির মিঞা, কমরু মিঞা ও ফয়সল মিঞা।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ মে রাজনগর উপজেলার মুনয়ারপাড় গ্রামে পূর্বশত্রুতা ও বাড়িতে চুরি-শ্লীলতাহানির জের ধরে আব্দুল আজিজকে কুপিয়ে মারাত্মক জখম করে আসামিরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। ঘটনার পর নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়।
দীর্ঘ শুনানি, ডাক্তারি পরীক্ষা ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষে আইনি লড়াই চালান অ্যাডভোকেট ছানোয়ার হোসেন।
পাবলিক প্রসিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ রায়ের তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় সশ্রম সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি এখনও পলাতক রয়েছেন। এই রায়ের মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
—জা. অর্থনীতি/এলএটি
