রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করল সিলেট বিএনপির একাংশ
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপির একাংশ। 

 মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেট যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন তিনি। তবে সিসিকের ব্যবস্থাপনায় আয়োজিত এই মূল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হননি সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীদের একটি অংশ।  

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, "আমরা সিলেট সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিইনি। তবে রাষ্ট্রপতির সফরসূচির অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচিতে আমরা উপস্থিত ছিলাম। সফর শেষে তাকে বিদায় জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও আমাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।" তবে সংবর্ধনা বর্জনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।  

অন্যদিকে, বর্জনের কারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, "সিসিক প্রশাসক একক সিদ্ধান্তে যেভাবে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাতে কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির বহু নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করে অংশ নেননি। সর্বজনীন প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন করা এবং কর্তৃপক্ষের একঘেয়েমি আচরণের কারণেই মূলত মহানগর বিএনপি ও অঙ্গ-সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠান বর্জন করেছেন।"

তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিসিকের এই বর্জনের নেপথ্যে দলের অভ্যন্তরীণ কোন্দল ও আগামী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থিতা নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাই মূল কারণ।

এ বিষয়ে মতামত নেওয়ার জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

—জা. অর্থনীতি/এলএটি