এক মাসে ২০টি বিড়াল হত্যা, নৃশংসতার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের চেম্বুরের পাঞ্জরাপোল এলাকায় প্রায় ২০টি বিড়ালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত বিড়ালগুলোর কয়েকটির শরীরে গুরুতর আঘাত ও বিকৃতির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় প্রাণীসেবী রুবিনা পাঠান গত আগস্টে ওই এলাকায় একাধিক বিড়ালের বিকৃত মৃতদেহ দেখতে পান। এরপর গত ৪ সেপ্টেম্বর আরও ছয়টি মৃত বিড়াল উদ্ধার করা হয়। পরদিন, ৫ সেপ্টেম্বর, আরও একটি মৃত বিড়ালের পাশাপাশি গুরুতর অবস্থায় একটি বিড়ালছানার সন্ধান পাওয়া যায়।

ঘটনার পর রুবিনা পাঠান পুলিশের দ্বারস্থ হন। প্রাণী অধিকার সংগঠন পেটা ইন্ডিয়ার সহায়তায় অভিযোগ দায়েরের পর মুম্বাই পুলিশের আরসিএফ থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারা এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিড়ালগুলোর মৃত্যুর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তদের শনাক্ত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছে পেটা ইন্ডিয়া। গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত হওয়ার মতো তথ্য দিতে পারলে সর্বোচ্চ ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে সংগঠনটি।

ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে পেটা ইন্ডিয়ার সঙ্গে গোপনে যোগাযোগ করার সুযোগ রয়েছে।

সূত্র: এনডিটিভি

জা.অর্থনীতি/এসআই