ইয়েমেনে সরকারি বাহিনী-হুতিদের সংঘর্ষে নিহত ৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। কয়েক দিনের এই লড়াইকে ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে দেখা হচ্ছে। সংঘর্ষের কারণে শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।

ইয়েমেন সরকারের দুই সামরিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত প্রধানত ক্ষেপণাস্ত্র হামলায় সরকারি বাহিনীর ৮৪ জন সেনা নিহত হয়েছেন। একই সময়ে ৫৭ জন হুতি যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটির সামরিক সূত্র। তবে বিভিন্ন পক্ষের হতাহতের হিসাব মিলিয়ে মোট নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে হুতিরা তাইজ প্রদেশের মোখা বন্দর নগরীর সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এবং কৌশলগত বাব আল-মানদাব প্রণালীর দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে হামলা জোরদার করে। শনিবার সন্ধ্যায় তারা তাইজের সঙ্গে মোখা বন্দরের সংযোগকারী প্রধান সড়কটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়।

সংঘর্ষে মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকা থেকে বহু পরিবার পালিয়ে আল-বারিন শিবিরে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএর তথ্য অনুযায়ী, ভারী গোলাবর্ষণের কারণে অন্তত ১ হাজার ৭৯০টি পরিবার বাস্তুচ্যুত হয়ে চরম মানবিক ঝুঁকিতে পড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, বাব আল-মানদাব প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে সংঘাত বাড়লে আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপথেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আরব নিউজ

জা.অর্থনীতি/এসআই